ঢাকা, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

যেসব পণ্য–সেবার দাম বাড়তে পারে, যেগুলো কমার সম্ভাবনা

২০২৬ জুন ১১ ২১:৩৬:০৮
যেসব পণ্য–সেবার দাম বাড়তে পারে, যেগুলো কমার সম্ভাবনা

জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বাজেট বক্তৃতা শুরু করেন তিনি। বিএনপি সরকারের মেয়াদের এটি প্রথম বাজেট।

প্রস্তাবিত বাজেটে বিভিন্ন পণ্য ও সেবার ওপর শুল্ক–কর ছাড় ও বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গেই এসব শুল্ক–কর কার্যকর হবে। সার্বিকভাবে বিশ্লেষণে দেখা যায়, শুল্ক–কর কমানোর আওতায় পণ্যের সংখ্যাই বেশি।

যেসব পণ্যের দাম বাড়তে পারে

সিগারেট:নিম্নস্তর থেকে অতি উচ্চস্তর পর্যন্ত সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি নিকোটিন গ্র্যানুলস ও নিকোটিন পাউচের ওপর ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে।

তেলচালিত গাড়ি:১,২০০–১,৬০০ সিসি ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনযুক্ত আমদানিকৃত গাড়ির করভার বাড়ানোয় এসব গাড়ির দাম বাড়তে পারে।

বিদেশি কাজুবাদাম:অপ্রক্রিয়াজাত ও প্রক্রিয়াজাত কাজুবাদামের আমদানি শুল্ক বাড়ানোয় বিদেশি কাজুবাদামের দাম বাড়ার আশঙ্কা রয়েছে।

বিদেশি পাঙাশ ফিলে ও গ্যাস সিলিন্ডার:পাঙাশ মাছের ফিলের ওপর সম্পূরক শুল্ক আরোপ এবং কম্পোজিট এলপিজি সিলিন্ডার আমদানিতে ভ্যাট বসানোয় দাম বাড়তে পারে।

বিদেশি মধু ও সুপারি:শুল্কায়ন মূল্য বাড়ানোয় এসব পণ্যের আমদানি ব্যয় বাড়বে।

অন্যান্য:বিদেশি খাদ্যপণ্য, লিপ লাইনার ও জেল, রড, টাইলস, স্যানিটারিওয়্যার, মাইক্রোওয়েভ ওভেন, সাইকেল, খেলনাসহ বেশ কিছু আমদানিপণ্যের দাম বাড়তে পারে।

যেসব পণ্যের দাম কমতে পারে

৬০টি নিত্যপণ্য:ধান, চাল, গম, আলু, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, আদা, তেলসহ ৬০টি নিত্যপণ্যের ওপর উৎসে কর কমিয়ে ০.৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

শিশুখাদ্য:শিশুখাদ্যের কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোয় বাজারে দাম কমতে পারে।

মসলা ও খেজুর:জিরা, দারুচিনি, এলাচিসহ বিভিন্ন মসলা এবং খেজুর আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হয়েছে।

স্বর্ণের গয়না:স্বর্ণ সরবরাহে উৎসে কর ও ভ্যাট উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে, ফলে গয়নার দাম কমার সুযোগ তৈরি হয়েছে।

বৈদ্যুতিক গাড়ি:ইলেকট্রিক ভেহিকেলে করভার বড় আকারে কমানো হয়েছে। পাশাপাশি চার্জিং স্টেশন স্থাপনে যন্ত্রাংশে ছাড় দেওয়া হয়েছে। নিবন্ধন ও অগ্রিম আয়করও কমানো হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ–এর আওতায়।

ল্যাপটপ ও কম্পিউটার:ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার ও মনিটর আমদানিতে সব ধরনের শুল্ক–কর প্রত্যাহার করা হয়েছে।

চিকিৎসা ও ওষুধ:কিডনি ডায়ালাইসিস ফিল্টারে ভ্যাট ও অগ্রিম আয়কর প্রত্যাহার এবং ওষুধের কাঁচামালে ছাড় দেওয়ায় চিকিৎসা ব্যয় কমতে পারে।

বাদ্যযন্ত্র ও সিনেমা সরঞ্জাম:বাদ্যযন্ত্র ও সিনেমাটোগ্রাফিক ক্যামেরা–সংক্রান্ত যন্ত্রাংশে শুল্ক কমানো হয়েছে।

অন্যান্য:বিদেশি মাংস, প্রাণিখাদ্য, সৌরবিদ্যুৎ সরঞ্জাম, পিওএস যন্ত্র ও কিছু প্রসাধনসামগ্রীর দাম কমতে পারে।

সার্বিকভাবে বাজেটের শুল্ক–কর কাঠামো ভোক্তা স্বস্তি ও পরিবেশবান্ধব পণ্যে উৎসাহ দেওয়ার দিকেই বেশি গুরুত্ব দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে