ঢাকা, রবিবার, ২৬ জুলাই ২০২৬

নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময়সীমা আবারও বাড়ল

২০২৬ জুলাই ২৬ ১৮:১৫:২১
নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময়সীমা আবারও বাড়ল

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক (ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর) নিয়োগের সময়সীমা আরও এক বছর বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানিগুলো আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এ নিয়োগ সম্পন্ন করার সুযোগ পাবে।

রোববার বিএসইসির ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের করপোরেট গভর্ন্যান্স বিভাগ এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। নির্দেশনাটি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পাঠানো হয়েছে। একই সঙ্গে সব তালিকাভুক্ত কোম্পানিকে বিষয়টি দ্রুত অবহিত করতে দুই স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেন, করপোরেট গভর্ন্যান্স কোড অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ বাধ্যতামূলক। তবে বিভিন্ন কোম্পানির বাস্তব পরিস্থিতি এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন সময়সীমা আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, করপোরেট গভর্ন্যান্স কোড-২০১৮-এর শর্ত ১(২)(ক) অনুযায়ী প্রতিটি তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে একজন নারী স্বতন্ত্র পরিচালক রাখতে হবে। এ বিধান বাস্তবায়নে কমিশন অতীতেও কয়েক দফা সময়সীমা বাড়িয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ২৯ জুলাই জারি করা নির্দেশনায় নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময়সীমা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, যেসব তালিকাভুক্ত কোম্পানি এখনো নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিতে পারেনি, তারা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে এ শর্ত পূরণের সুযোগ পাবে।

বিএসইসি আশা করছে, বর্ধিত সময়সীমার মধ্যে সব তালিকাভুক্ত কোম্পানি করপোরেট গভর্ন্যান্স কোডের এই বাধ্যবাধকতা পূরণ করবে। কমিশনের মতে, পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক অন্তর্ভুক্ত হলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বৈচিত্র্য, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। পাশাপাশি আন্তর্জাতিক করপোরেট গভর্ন্যান্স মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে