ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

মার্জিন বিধিমালা এখনও চূড়ান্ত নয়, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান বিএসইসির

২০২৬ জুলাই ১৬ ২০:১৬:৩০
মার্জিন বিধিমালা এখনও চূড়ান্ত নয়, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান বিএসইসির

মার্জিন বিধিমালা-২০২৫ সংশোধনের খসড়া কমিশন সভায় অনুমোদন পেলেও সেটি এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। জনমত যাচাইয়ের আগেই খসড়া বিধিমালা নিয়ে অসম্পূর্ণ, অনুমাননির্ভর ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ না করার আহ্বান জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি অনুষ্ঠিত কমিশনের ১০২০তম সভায় মার্জিন বিধিমালা-২০২৫ সংশোধনের খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। তবে এটি কেবল একটি প্রাথমিক খসড়া, যা এখনও জনমত যাচাই ও পর্যালোচনার প্রক্রিয়ায় রয়েছে। ফলে এ পর্যায়ে বিধিমালাটিকে চূড়ান্ত হিসেবে উপস্থাপন করার সুযোগ নেই।

বিএসইসি জানায়, সংশোধনের উদ্দেশ্য হলো বিদ্যমান বিধিমালা বাস্তবায়নের সময় দেখা দেওয়া বিভিন্ন ব্যবহারিক সমস্যা দূর করা, বিধিমালাকে আরও সহজ, কার্যকর ও বাস্তবসম্মত করা এবং বাজারসংশ্লিষ্টদের জন্য এর প্রয়োগ আরও সহজ করা।

সংস্থাটি আরও জানায়, খসড়া প্রণয়নের ক্ষেত্রে মার্জিন সুবিধা ব্যবহারকারী বিনিয়োগকারী, স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংক, বাজার মধ্যস্থতাকারীসহ সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। কমিশনের লক্ষ্য একটি কার্যকর, বাস্তবমুখী ও বিনিয়োগকারী-বান্ধব মার্জিন ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা।

বিএসইসি জানিয়েছে, অনুমোদিত খসড়াটি শিগগিরই জাতীয় দৈনিক পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করে জনমত আহ্বান করা হবে। অংশীজন ও সাধারণ জনগণের মতামত গ্রহণের পর প্রয়োজনীয় সংশোধন শেষে বিধিমালার চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

এ অবস্থায় খসড়া বিধিমালা সম্পর্কে আংশিক বা অনুমাননির্ভর তথ্য প্রকাশ করে বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে কমিশন।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে