ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে মহেশপুরে সচেতনতামূলক র‌্যালি

২০২৬ জুলাই ১৬ ১৬:১৭:২৭
মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে মহেশপুরে সচেতনতামূলক র‌্যালি

মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ঝিনাইদহের মহেশপুর উপজেলার হুশোরখালীর মোড়ে এক বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে আয়োজিত এ র‌্যালিতে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, পুলিশ সদস্য, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা মাদক ও অনলাইন জুয়ার কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন। ব্যানারে ‘মাদককে না বলি, মাদকমুক্ত দেশ গড়ি’, ‘মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতামূলক র‌্যালি’ এবং ‘মাদক ব্যবসায়ী যেখানে, প্রতিরোধ হবে সেখানে’—এ ধরনের বার্তা তুলে ধরা হয়।

র‌্যালিটি হুশোরখালীর মোড়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। বক্তারা বলেন, মাদক ও অনলাইন জুয়া তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ ভয়াবহ সামাজিক ব্যাধি প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তারা আরও বলেন, সচেতনতাই পারে মাদক ও জুয়ার বিস্তার রোধ করতে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে এবং মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

পাঠকের মতামত:

বিশেষ প্রতিবেদন এর সর্বশেষ খবর

বিশেষ প্রতিবেদন - এর সব খবর



রে