ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

এমারেল্ড অয়েলে ৪৬ কোটি টাকা জরিমানা

২০২৬ নভেম্বর ২৩ ০৮:১৭:০৯
এমারেল্ড অয়েলে ৪৬ কোটি টাকা জরিমানা

আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য প্রদান, অনিয়ম এবং শেয়ারের দাম প্রভাবিত করার অভিযোগে শেয়ারবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের সাবেক ব্যবস্থাপনা পরিচালক, প্রধান অর্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট পরিচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ ঘটনায় কোম্পানিটির ১২ ব্যক্তিকে মোট ২৬ কোটি ৪৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কোম্পানিটির সঙ্গে সংশ্লিষ্ট মিনোরি বাংলাদেশ লিমিটেডকে ২০ কোটি টাকা জরিমানা করেছে কমিশন। সব মিলিয়ে জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে ৪৬ কোটি ৪৫ লাখ টাকা।

বিএসইসির তদন্তে এমারেল্ড অয়েলের শেয়ার অধিগ্রহণ ও হস্তান্তর, মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ এবং শেয়ারবাজারে অস্বাভাবিক দরবৃদ্ধির বিষয়ে একাধিক অনিয়ম উঠে এসেছে। তদন্তে দেখা গেছে, কোম্পানিটির আর্থিক বিবরণীতে যথাযথ তথ্য উপস্থাপন করা হয়নি। পাশাপাশি মিথ্যা তথ্য সরবরাহের মাধ্যমে কোম্পানিটির শেয়ারের দাম প্রভাবিত করার ঘটনা ঘটেছে। এতে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বিএসইসি সূত্রে জানা গেছে, কমিশনের এনফোর্সমেন্ট বিভাগের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তে পাওয়া অনিয়মের মাত্রা এবং সংশ্লিষ্টদের দায় বিবেচনায় এ শাস্তি নির্ধারণ করা হয়।

জরিমানার তালিকায় সবচেয়ে বেশি ১০ কোটি টাকা দিতে হবে এমারেল্ড অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল হোসেনকে। কোম্পানিটির প্রধান অর্থ কর্মকর্তা মো. আশরাফুল আলম ও স্বতন্ত্র পরিচালক সাজিব হোসেনকে ৫ কোটি টাকা করে জরিমানা করা হয়েছে।

এ ছাড়া স্বতন্ত্র পরিচালক প্রশান্ত কুমার ব্যানার্জি, মোহাম্মদ গোলাম সারওয়ার এবং ব্যবস্থাপনা পরিচালক মো. সাফিকুল ইসলামকে ২ কোটি টাকা করে জরিমানা করা হয়েছে। স্বতন্ত্র পরিচালক ড. মো. লিয়াকত হোসেন মোরাল, শাহিনুর খানম এবং মনোনীত পরিচালক সিদরাতুল মাহবুব হাসানকে ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অন্যদিকে, মনোনীত পরিচালক মো. নাসির সিকদার, মোহাম্মদ মুরাদ হাসান ও মো. রুবেল সরদারকে ৫ লাখ টাকা করে জরিমানা করেছে কমিশন।

তবে একই ঘটনায় সংশ্লিষ্ট আরও ১৬ ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ নিষ্পত্তি বা প্রত্যাহার করেছে বিএসইসি। তদন্তে এসব ব্যক্তির বিরুদ্ধে অনিয়মের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় তাদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের ব্যবসায়িক কার্যক্রম দীর্ঘদিন বন্ধ ছিল। ঋণসংক্রান্ত জটিলতা ও মূলধন সংকটের কারণে ২০১৭ সাল থেকে কোম্পানিটির ‘স্পন্দন’ ব্র্যান্ডের রাইস ব্র্যান অয়েল উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ২০২১ সালে জাপানপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও মিনোরি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মিয়া মামুন কোম্পানিটিকে পুনরায় চালুর উদ্যোগ নেন।

বিএসইসির বিশেষ অনুমোদন নিয়ে মিনোরি বাংলাদেশ প্রায় ৩১ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগের মাধ্যমে এমারেল্ড অয়েলের পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণ নেয় এবং কোম্পানিটির বৃহত্তম অংশীদার হয়। এর ধারাবাহিকতায় ২০২২ সালের জানুয়ারিতে এমারেল্ড অয়েল পুনরায় বাণিজ্যিক উৎপাদন শুরু করে।

আর্থিক প্রতিবেদন একটি কোম্পানির প্রকৃত আর্থিক অবস্থা ও ব্যবসায়িক সক্ষমতা যাচাইয়ের অন্যতম প্রধান ভিত্তি। সেখানে মিথ্যা তথ্য বা গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা হলে বিনিয়োগকারীরা ভুল সিদ্ধান্ত নিতে পারেন। এমারেল্ড অয়েলের ঘটনায় বিপুল অঙ্কের জরিমানা শেয়ারবাজারে আর্থিক তথ্যের স্বচ্ছতা ও সংশ্লিষ্টদের জবাবদিহির বিষয়টি আবারও সামনে এনেছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে