ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

ইভেকোর ৮৯ শতাংশ শেয়ার কিনল টাটা

২০২৬ নভেম্বর ০৫ ০৮:৫৬:৫৩
ইভেকোর ৮৯ শতাংশ শেয়ার কিনল টাটা

ইতালির গাড়ি নির্মাতা ইভেকোর ৮৯.৪২ শতাংশ শেয়ার কিনে নিয়েছে টাটা মোটরস। এর ফলে টাটা মোটরস ও ইভেকো মিলে বিশ্বের চতুর্থ বৃহত্তম বাণিজ্যিক গাড়ি নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেছে।

গত ৩০ অক্টোবর প্রাথমিক নিষ্পত্তির মাধ্যমে ইভেকোর সাধারণ শেয়ার মূলধনের ৮৯.৪২ শতাংশ কিনে নেয় টাটা মোটরস। প্রতিটি শেয়ারের দাম ছিল ১৪.৪০ ইউরো। ইভেকোর প্রতিরক্ষা ব্যবসা বাদ দিয়ে বাকি অংশ অধিগ্রহণে ২০২৫ সালের জুলাইয়ে নগদ অর্থে কেনার প্রস্তাব দিয়েছিল টাটা। অবশিষ্ট শেয়ারের জন্য দরপ্রস্তাব ২ থেকে ৬ নভেম্বর পর্যন্ত চলবে।

৩ নভেম্বর ইতালির তুরিনে দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা যৌথ ব্যবসায়িক উদ্যোগের ঘোষণা দেন। এই উদ্যোগের আওতায় দুই প্রতিষ্ঠান নিজ নিজ বাজারে একে অপরের বাণিজ্যিক যানবাহন বিক্রির সুযোগ খতিয়ে দেখবে। ভারতে ইভেকোর কিছু বড় বাণিজ্যিক গাড়ি তৈরি এবং নির্দিষ্ট মডেল আংশিকভাবে সংযোজনের পরিকল্পনাও রয়েছে।

টাটা মোটরসের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বলেন, ভারতের বাজারের উপযোগী ইভেকোর কিছু পণ্য চিহ্নিত করা হচ্ছে। একইভাবে ইভেকোর অন্যান্য বাজারে টাটার পণ্য ও প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনাও পর্যালোচনা করা হবে। গাড়ির যন্ত্রাংশ, ব্যাটারি ও যানবাহনের মঞ্চ নিয়েও দুই প্রতিষ্ঠান সহযোগিতার সুযোগ খুঁজবে।

টাটা মোটরসের তথ্য অনুযায়ী, সম্মিলিত ব্যবসার বার্ষিক বিক্রির পরিমাণ প্রায় ৫ লাখ ৯০ হাজার যানবাহন এবং আয় প্রায় ২ লাখ ২৮ হাজার কোটি টাকা। ছয় টনের বেশি ওজনের ট্রাক বিক্রির হিসাবে এই উদ্যোগ বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে।

টাটা মোটরসের উপস্থিতি ভারতসহ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে। অন্যদিকে ইভেকোর ব্যবসা মূলত ইউরোপ ও লাতিন আমেরিকায়। দুই প্রতিষ্ঠানের বাজার ও পণ্য একত্র হওয়ায় নতুন অঞ্চলে ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে তারা।

সম্মিলিত ব্যবসাটির ১৩০টির বেশি দেশে ২৭টি উৎপাদনকেন্দ্র, ২৫টি গবেষণা ও উন্নয়নকেন্দ্র এবং প্রায় ৯ হাজার ৩০০টি বিক্রয় ও সেবাকেন্দ্র রয়েছে। এতে কাজ করেন ৭৩ হাজারের বেশি মানুষ। ইভেকো হালকা, মাঝারি ও ভারী ট্রাক, বাস এবং ইঞ্জিন প্রযুক্তি তৈরি করে। টাটার বাণিজ্যিক গাড়ির তালিকায় রয়েছে ছোট পণ্যবাহী যান থেকে ভারী ট্রাক ও বাস।

ইভেকোর সদর দপ্তর ইতালির তুরিনেই থাকবে। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড, কর্মী ও কার্যক্রমের নিজস্ব পরিচয়ও বজায় থাকবে বলে জানিয়েছেন চন্দ্রশেখরন।

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে