ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মুনাফার আড়ালে সংকট: মূল ব্যবসা থেকে সরে যাচ্ছে এমটিবি

২০২৬ নভেম্বর ১১ ০৯:০৩:২৭
মুনাফার আড়ালে সংকট: মূল ব্যবসা থেকে সরে যাচ্ছে এমটিবি

বেসরকারি মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) মূল ব্যাংকিং ব্যবসায় ক্রমেই পিছিয়ে পড়ছে। ঋণ ও আমানতনির্ভর আয়ের জায়গায় বড় ধরনের পতন হলেও বিনিয়োগ ও অন্যান্য আয়ের জোরে মুনাফা ধরে রেখেছে ব্যাংকটি—এমন চিত্র উঠে এসেছে ২০২৫ সালের আর্থিক হিসাব বিশ্লেষণে। ব্যাংকটির এমনই মন্দা অবস্থা যে, কর্মকর্তা-কর্মচারীদের বেতনাদিবাবদ ব্যয়ের ৪০ শতাংশও আয় হয় না মূল ব্যবসায়।

জানা গেছে, ২০২৪ সালে এমটিবির নিট সুদ আয় ছিল ৭৮৬ কোটি ৭১ লাখ টাকা। তবে ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে ২৬৫ কোটি ৩৮ লাখ টাকায়। এক বছরের ব্যবধানে নিট সুদ আয় কমেছে ৫২১ কোটি ৩৩ লাখ টাকা বা ৬৬ শতাংশ, যা মূল ব্যাংকিং কার্যক্রমে বড় ধরনের দুর্বলতার ইঙ্গিত দেয়।

এই ঘাটতি সামাল দিতে ব্যাংকটি ঋণ কার্যক্রমের বদলে বিনিয়োগ আয়ের ওপর নির্ভরতা বাড়িয়েছে। সরকারি ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, প্রাইজ বন্ড ও বিভিন্ন সিকিউরিটিজে বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগ করেছে ব্যাংকটি। ২০২৪ সালে যেখানে মোট বিনিয়োগ ছিল ১০ হাজার ৪৫২ কোটি ৪ লাখ টাকা, সেখানে এক বছরের ব্যবধানে ২০২৫ সালে দাঁড়িয়েছে ১২ হাজার ৫০৭ কোটি ৯৮ লাখ টাকায়। অর্থাৎ বিনিয়োগ বেড়েছে ২ হাজার ৫৫ কোটি ৯৪ লাখ টাকা বা ২০ শতাংশ।

এর ফলে বিনিয়োগ আয়ও লাফিয়ে বেড়েছে। ২০২৪ সালে বিনিয়োগ থেকে ব্যাংকটির আয় ছিল ৮৬৭ কোটি ১৬ লাখ টাকা, যা ২০২৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৩৭ কোটি ৪৩ লাখ টাকায়। এক বছরে বিনিয়োগ আয় বেড়েছে ৫৭০ কোটি ২৭ লাখ টাকা বা ৬৬ শতাংশ।

এ ছাড়া ২০২৫ সালে ব্যাংকটি কমিশন, এক্সচেঞ্জ ও ব্রোকারেজ থেকে আয় করেছে ৩৫৯ কোটি ৩৭ লাখ টাকা এবং অন্যান্য পরিচালন খাত থেকে আয় করেছে ১৪২ কোটি ২১ লাখ টাকা। এসব আয়ের ওপর ভর করেই ব্যাংকটি মুনাফা দেখাতে সক্ষম হয়েছে।

২০২৪ সালে যেখানে ব্যাংকটির নিট মুনাফা ছিল ৩১১ কোটি ৬ লাখ টাকা, সেখানে ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩২৬ কোটি ৮৬ লাখ টাকায়। অর্থাৎ এক বছরে মুনাফা বেড়েছে ১৫ কোটি ৮০ লাখ টাকা বা ৫ শতাংশ।

তবে বিশ্লেষকদের মতে, বিনিয়োগ ও অন্যান্য পরিচালন আয় বাদ দিলে ব্যাংকটি কার্যত লোকসানে পড়ত। কারণ ২০২৫ সালে ব্যাংকটির নিট সুদ আয় ছিল ২৬৫ কোটি ৩৮ লাখ টাকা, অথচ একই বছরে শুধু কর্মকর্তা-কর্মচারীদের পেছনে বেতনাদিবাবদই ব্যয় হয়েছে ৬৭৪ কোটি ৪২ লাখ টাকা। এ বিবেচনায় মূল আয় দিয়ে ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীদের বেতনাদিবাবদ ব্যয়ের ৩৯ শতাংশ এসেছে।

অথচ ব্যাংকটির এর বাহিরেও অনেক ব্যয় রয়েছে। যাতে ২০২৫ সালে বেতনাদিসহ ব্যাংকটির মোট পরিচালন ব্যয় হয়েছে ১ হাজার ১৮৬ কোটি ৬৯ লাখ টাকা। এর সঙ্গে ঋণের বিপরীতে সঞ্চিতি ব্যয় যোগ হয়েছে আরও ৭১৮ কোটি ৩২ লাখ টাকা।

এদিকে এমটিবি থেকে দেশের মধ্যে বিভিন্ন ব্যাংক ও লিজিং কোম্পানিতে রাখা ৪৮৬ কোটি ৯৫ লাখ টাকার মধ্যে একটি অংশ গেছে আর্থিকভাবে দুর্বল ও সংকটাপন্ন প্রতিষ্ঠানে। এরমধ্যে ২০২৫ সালে ব্যাংকটি থেকে ইউনিয়ন ক্যাপিটালে ৫ কোটি ৮৯ লাখ টাকা রাখা হয়েছে। এছাড়া জিএসপি ফাইন্যান্সে ৪ কোটি ২৪ লাখ টাকা, এক্সিম ব্যাংকে ২৮ কোটি ৮৩ লাখ টাকা রয়েছে।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর এমটিবির পরিশোধিত মূলধন ছিল ১ হাজার ৮১ কোটি ৪৩ লাখ টাকা এবং নিট সম্পদ ছিল ২ হাজার ৯৮৩ কোটি ৬৭ লাখ টাকার। ব্যাংকটি থেকে গত ৩১ ডিসেম্বর প্রদত্ত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ৩৬৬ কোটি ২৫ লাখ টাকা। এর বিপরীতে ব্যাংকটিতে গ্রাহকদের ৩৬ হাজার ৪৩৩ কোটি ১৪ লাখ টাকার আমানত রয়েছে। এরমধ্যে ২০ হাজার ৪৩৩ কোটি ৪৪ লাখ টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে।

এ ব্যাংকটির ২০২০ সালে ঋণের পরিমাণ ছিল ১৯ হাজার ৯১০ কোটি ১৪ লাখ টাকা এবং আমানত ছিল ১৮ হাজার ৯২২ কোটি ৮ লাখ টাকা। ওইসময় বিনিয়োগের পরিমাণ ছিল ৩ হাজার ৫৩৮ কোটি ১৯ লাখ টাকা।

৫ বছরের ব্যবধানে ব্যাংকটির আমানত বেড়েছে ১৭ হাজার ৫১১ কোটি ৬ লাখ টাকা বা ৯৩ শতাংশ। তবে ঋণের পরিমাণ বেড়েছে ১১ হাজার ৪৫৬ কোটি ১১ লাখ টাকা বা ৫৮ শতাংশ। বিপরীতে বিনিয়োগের পরিমাণ বেড়েছে ৮ হাজার ৯৬৯ কোটি ৭৯ লাখ টাকা বা ২৫৪ শতাংশ।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে