ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬

দুদকের নজরে নিয়োগ, বিসইসিতে দ্রুত পদোন্নতি নিয়ে প্রশ্ন

২০২৬ আগস্ট ১৬ ১৪:০০:৩৫
দুদকের নজরে নিয়োগ, বিসইসিতে দ্রুত পদোন্নতি নিয়ে প্রশ্ন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তের আওতায় থাকা কয়েকজন কর্মকর্তাকে দ্রুত পদোন্নতি দেওয়ার উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি)। অভিযোগ রয়েছে, যেসব কর্মকর্তার মূল নিয়োগ নিয়ে দুদক অনুসন্ধান করছে, তাঁদেরই দ্রুত পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া চলছে।

বর্তমানে অতিরিক্ত পরিচালক পদে থাকা এসব কর্মকর্তা ২০১২ সালে তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন ও কমিশনার হেলাল উদ্দিন নিজামীর নেতৃত্বাধীন কমিশনের সময়ে সরাসরি উপপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। ওই সময় ১৯ জনকে সরাসরি উপপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়।

তবে সরাসরি নিয়োগের এই প্রক্রিয়া নিয়ে সে সময় বিএসইসির কর্মরত সহকারী পরিচালকদের মধ্যে আপত্তি দেখা দেয়। তাঁদের আশঙ্কা ছিল, বাইরে থেকে সরাসরি উপপরিচালক নিয়োগ দেওয়া হলে তাঁদের জ্যেষ্ঠতা ও পদোন্নতির সুযোগ ক্ষতিগ্রস্ত হবে। এ নিয়ে কয়েকজন কর্মকর্তা পরবর্তী সময়ে আদালতেরও দ্বারস্থ হন।

নিয়োগ নিয়ে বিতর্কটি আবার সামনে আসে ২০২৫ সালের জানুয়ারিতে। ওই সময় ২০১২ সালে নিয়োগ পাওয়া ১৯ উপপরিচালকের নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নয় কর্মকর্তাকে দুদকের তদন্তকারীরা তলব করেন। তাঁদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদসহ নিয়োগসংক্রান্ত বিভিন্ন নথি জমা দিতে বলা হয়।

তলব করা নয় কর্মকর্তা হলেন—ইউসুফ ভূঁইয়া, মো. হোসাইন খান, মো. ওহিদুল ইসলাম, হাফিজ মোহাম্মদ হারুনুর রশীদ, আবুল কালাম আজাদ, মো. দেলোয়ার হোসাইন, মো. কাওসার আলী, উম্মে সালমা এবং মোহাম্মদ শামসুর রহমান। তাঁরা সবাই বর্তমানে বিএসইসির অতিরিক্ত পরিচালক পদে কর্মরত।

অভিযোগের অন্যতম বিষয় হলো, ২০১২ সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহী পর্যায়ের পদ অথবা সমমানের প্রথম শ্রেণির সরকারি পদে ছয় বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছিল। কিন্তু নিয়োগ পাওয়া কয়েকজন ওই অভিজ্ঞতার শর্ত পূরণ করেছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

দুদকের অনুসন্ধান চলমান থাকা অবস্থায় এসব কর্মকর্তাকে দ্রুত পদোন্নতি দেওয়ার উদ্যোগ নেওয়া হলে তা নিয়েই বিএসইসিতে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে