ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬

স্বতন্ত্র পরিচালকদের প্যানেল গঠনে বিএসইসির ১০ সদস্যের কমিটি

২০২৬ আগস্ট ১৯ ০৯:০২:২৯
স্বতন্ত্র পরিচালকদের প্যানেল গঠনে বিএসইসির ১০ সদস্যের কমিটি

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর করপোরেট সুশাসন আরও শক্তিশালী করতে স্বতন্ত্র পরিচালকদের ভূমিকা কার্যকর ও স্বাধীন করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর অংশ হিসেবে যোগ্য ও দক্ষ ব্যক্তিদের নিয়ে স্বতন্ত্র পরিচালকদের একটি প্যানেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্যানেলের সদস্য হওয়ার যোগ্যতা-অযোগ্যতার মানদণ্ড, অন্তর্ভুক্তির প্রক্রিয়া এবং প্যানেলের কার্যক্রম কীভাবে পরিচালিত হবে—এসব বিষয় নির্ধারণে ১০ সদস্যের একটি কমিটি গঠন করেছে কমিশন। সম্প্রতি এ বিষয়ে অফিস আদেশ জারি করেছে বিএসইসি।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম বলেন, স্বতন্ত্র পরিচালকদের প্যানেল কীভাবে গঠন করা হবে এবং এর সদস্যরা কীভাবে কাজ করবেন, তা নির্ধারণ করতেই কমিটি করা হয়েছে। প্যানেলে অন্তর্ভুক্তির ক্ষেত্রে যোগ্যতা ও অযোগ্যতার বিষয়গুলোও কমিটি পর্যালোচনা করবে। সবকিছু বিবেচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক আল-আমিন বলেন, স্বতন্ত্র পরিচালকদের ক্ষমতা বাড়ানোর চেয়ে বিদ্যমান ক্ষমতার যথাযথ প্রয়োগ নিশ্চিত করা বেশি জরুরি। তাঁর মতে, অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচন, অডিটর নিয়োগ এবং হিসাবনীতি পর্যালোচনার মতো গুরুত্বপূর্ণ ক্ষমতা স্বতন্ত্র পরিচালকদের থাকলেও প্রভাবশালী ব্যক্তিদের কারণে অনেক সময় তারা স্বাধীনভাবে কাজ করতে পারেন না। তাই সংখ্যা বাড়ানোর পাশাপাশি প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন।

বিএসইসি সূত্র জানায়, কমিশনের বিভিন্ন বিভাগের আট কর্মকর্তা এবং দুই স্টক এক্সচেঞ্জের প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) নিয়ে ১০ সদস্যের কমিটিটি গঠন করা হয়েছে। বিদ্যমান করপোরেট গভর্ন্যান্স কোড-২০১৮ অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক রাখার বাধ্যবাধকতা রয়েছে। এরই ধারাবাহিকতায় স্বতন্ত্র পরিচালকদের জন্য প্যানেল তৈরির সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

অফিস আদেশ অনুযায়ী, কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএসইসির নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলামকে। সদস্য হিসেবে রয়েছেন নির্বাহী পরিচালক ও চিফ অ্যাকাউন্ট্যান্ট কামরুল আনাম খান, নির্বাহী পরিচালক মো. আবুল কালাম, পরিচালক এ এস এম মাহমুদুল হাসান, অতিরিক্ত পরিচালক শেখ মো. লুৎফুল কবির, উপপরিচালক গৌর চাঁদ সরকার, উপপরিচালক মওদুদ মোমেন এবং সহকারী পরিচালক বিনয় দাস। এ ছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) দুজন সিআরও কমিটির সদস্য হিসেবে থাকবেন। ডিএসইর সিআরওকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির দায়িত্বের মধ্যে থাকবে স্বতন্ত্র পরিচালক হওয়ার বিদ্যমান যোগ্যতা ও অযোগ্যতার শর্ত পর্যালোচনা, প্যানেলে অন্তর্ভুক্তির মানদণ্ড নির্ধারণ, প্রার্থীদের যাচাই-বাছাই এবং তালিকাভুক্ত কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগের প্রক্রিয়া পর্যালোচনা।

বর্তমানে তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদের এক-পঞ্চমাংশ স্বতন্ত্র পরিচালক রাখার বিধান রয়েছে। তবে এ সংখ্যা বাড়িয়ে এক-তৃতীয়াংশ করার প্রস্তাব করেছে বিএসইসি। এ লক্ষ্যে গত ১৭ মে করপোরেট সুশাসন বিধিমালা-২০২৬-এর খসড়া প্রকাশ করা হয়েছে। অংশীজনদের মতামত পর্যালোচনা করে বিধিমালাটি চূড়ান্ত করা হবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে