ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বাইব্যাক ও মার্জার-অ্যাকুইজিশনের বিধান চায় ডিবিএ

২০২৬ সেপ্টেম্বর ০৯ ১৫:৪১:৪১
তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বাইব্যাক ও মার্জার-অ্যাকুইজিশনের বিধান চায় ডিবিএ

পুঁজিবাজারকে আরও গতিশীল ও বিনিয়োগবান্ধব করতে প্রস্তাবিত কোম্পানি আইন, ১৯৯৪-এর তৃতীয় সংশোধনীতে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বাইব্যাক এবং মার্জার ও অ্যাকুইজিশন (একীভূতকরণ ও অধিগ্রহণ) বিষয়ে প্রয়োজনীয় বিধান অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

বুধবার (৯ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, এনডিসির কাছে ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম স্বাক্ষরিত লিখিত সুপারিশ পাঠানো হয়। একই সুপারিশ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের অবগতির জন্যও পাঠানো হয়েছে।

ডিবিএ বলেছে, দেশের পুঁজিবাজারকে আরও কার্যকর করতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নিজস্ব শেয়ার পুনঃক্রয়ের (বাইব্যাক) আইনগত সুযোগ তৈরি করা প্রয়োজন। এ জন্য কোম্পানি আইন সংশোধনের পাশাপাশি শেয়ার বাইব্যাকের বিধি ও প্রবিধান প্রণয়ন, বাস্তবায়ন, তদারকি ও নজরদারির ক্ষমতা বিএসইসিকে দেওয়ার সুপারিশ করেছে সংগঠনটি।

সংগঠনটি আরও বলেছে, তালিকাভুক্ত কোম্পানির মার্জার ও অ্যাকুইজিশনের ক্ষেত্রে বিদ্যমান জটিলতা এবং দীর্ঘ আইনি প্রক্রিয়া এড়াতে এ-সংক্রান্ত প্রয়োজনীয় বিধি ও প্রবিধান প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষমতাও বিএসইসিকে দেওয়া প্রয়োজন।

ডিবিএর মতে, পুঁজিবাজার ও তালিকাভুক্ত কোম্পানির নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিএসইসির হাতে শেয়ার বাইব্যাক এবং মার্জার-অ্যাকুইজিশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সুস্পষ্ট ও কার্যকর নিয়ন্ত্রক কাঠামো তৈরির ক্ষমতা থাকা দরকার। এতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, কার্যকর নিয়ন্ত্রণ, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা সহজ হবে।

ডিবিএ মনে করে, আধুনিক ও কার্যকর বিধিবিধান চালু হলে তালিকাভুক্ত কোম্পানির করপোরেট পুনর্গঠন ও মূলধন ব্যবস্থাপনা সহজ হবে। পাশাপাশি পুঁজিবাজারে গতিশীলতা বাড়বে এবং বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট অংশীজনদের স্বার্থ আরও সুরক্ষিত হবে।

প্রস্তাবিত কোম্পানি আইন সংশোধনীতে তাদের সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় বিধান অন্তর্ভুক্ত করা হবে বলে আশা প্রকাশ করেছে ডিবিএ।

সংগঠনটির মতে, এতে সরকারের পুঁজিবাজার উন্নয়ন ও আধুনিকায়নের উদ্যোগ বাস্তবায়নের পাশাপাশি বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে