ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

খেলাপি হয়েও বিশেষ সুবিধা : বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানের ঋণ ও এলসিতে ছাড়

২০২৬ অক্টোবর ১৩ ০৮:২৬:৪২
খেলাপি হয়েও বিশেষ সুবিধা : বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানের ঋণ ও এলসিতে ছাড়

ঋণখেলাপি হওয়া সত্ত্বেও বেক্সিমকো গ্রুপের দুই প্রতিষ্ঠানকে নতুন করে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় শাইনপুকুর সিরামিকসের ১০৫ কোটি টাকার চলতি মূলধন ঋণসীমা নবায়নের সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি বেক্সিমকো এলপিজিকে ঋণপত্র (এলসি) খোলার অনুমোদন দেওয়া হয়েছে। আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকবে।

এ বিষয়ে গতকাল সোমবার পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপন অনুযায়ী, সোনালী ব্যাংকে শাইনপুকুর সিরামিকসের ১০৫ কোটি টাকার চলতি মূলধন ঋণসীমা নবায়নের ক্ষেত্রে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত ব্যাংক কোম্পানি আইনের ২৭কক(৩) ধারা কার্যকর হবে না। রাষ্ট্রীয় স্বার্থে ব্যাংক কোম্পানি আইনের ১২১ ধারায় দেওয়া ক্ষমতাবলে এ সুবিধা দেওয়া হয়েছে।

এর আগে গত ১৭ আগস্ট শতভাগ মার্জিনের বিপরীতে শাইনপুকুর সিরামিকসকে ঋণপত্র খোলার অনুমোদন দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্তের ফলে প্রতিষ্ঠানটি চলতি মূলধন ঋণসীমা নবায়নের ক্ষেত্রেও বিশেষ সুবিধা পেল।

অন্যদিকে, ন্যাশনাল ব্যাংকে বেক্সিমকো এলপিজির নামে ঋণপত্র খোলার অনুমোদন দেওয়া হয়েছে। শতভাগ মার্জিনের বিপরীতে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা নিতে পারবে প্রতিষ্ঠানটি।

তবে দুই প্রতিষ্ঠানের জন্যই দুটি শর্ত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রথমত, এ সুবিধার কারণে সরকারের ওপর কোনো দায় সৃষ্টি করা যাবে না। দ্বিতীয়ত, প্রতিষ্ঠান দুটির সব আয় নির্দিষ্ট একটি হিসাবে জমা রাখতে হবে। ওই হিসাব থেকে পাওনাদারদের পাওনা আনুপাতিক হারে পরিশোধ করতে হবে।

ব্যাংক কোম্পানি আইনের ২৭কক(৩) ধারায় ঋণখেলাপি প্রতিষ্ঠানকে ব্যাংকিং সুবিধা দেওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে সরকারের সঙ্গে পরামর্শ করে এ ধারা থেকে অব্যাহতি দেওয়ার সুযোগ আছে। সেই ক্ষমতা প্রয়োগ করেই বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান দুটিকে নতুন সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে