ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

শেয়ারবাজারে পতন

২০২৬ নভেম্বর ২৩ ১৬:৫১:০৮
শেয়ারবাজারে পতন

টানা ছয় কার্যদিবসের উত্থানের পর দেশের শেয়ারবাজারে আবারও দরপতন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমার পাশাপাশি লেনদেনও প্রায় ২৫ শতাংশ কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমেছে। তবে এর বিপরীতে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থান অব্যাহত রয়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৫৭ পয়েন্টে। এর আগে টানা ছয় কার্যদিবস সূচকটির উত্থান হয়েছিল। ওই ছয় দিনে সূচক বেড়েছিল মোট ১১২ পয়েন্ট। এর মধ্যে আগের কার্যদিবস রবিবার সূচকটি সর্বোচ্চ ৬০ পয়েন্ট বেড়েছিল। এছাড়া বৃহস্পতিবার ৫ পয়েন্ট, বুধবার ৯ পয়েন্ট, মঙ্গলবার ২৯ পয়েন্ট, সোমবার ৩ পয়েন্ট এবং তার আগের রবিবার ১৬ পয়েন্ট বেড়েছিল।

সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে লেনদেনেও বড় ধরনের ভাটা দেখা গেছে। সোমবার এক্সচেঞ্জটিতে ৯২০ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবস রবিবার লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ২২০ কোটি ১৫ লাখ টাকা। সেই হিসাবে এক কার্যদিবসের ব্যবধানে লেনদেন কমেছে ২৯৯ কোটি ৩৩ লাখ টাকা বা প্রায় ২৫ শতাংশ।

বাজারের নেতিবাচক প্রবণতা অধিকাংশ কোম্পানির শেয়ারদরেও প্রতিফলিত হয়েছে। সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৮টি কোম্পানির মধ্যে ১৮৬টির বা ৪৯ দশমিক ২১ শতাংশের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। বিপরীতে দাম বেড়েছে ১১৭টির বা ৩০ দশমিক ৯৫ শতাংশের। আর ৭৫টির বা ১৯ দশমিক ৮৪ শতাংশের দাম অপরিবর্তিত ছিল।

অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থান অব্যাহত রয়েছে। সোমবার সিএসইতে ২৮ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেনে অংশ নেওয়া ১৯৯টি কোম্পানির মধ্যে ৯৬টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত ছিল ২৪টির দর।

দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯০৫ পয়েন্টে। এর আগের কার্যদিবস রবিবারও এক্সচেঞ্জটিতে সূচকের উত্থান হয়েছিল। সেদিন ২০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেনের পাশাপাশি সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছিল ১৫৪ পয়েন্ট।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে