ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ভারতের শেয়ারবাজারে ৩ লাখ কোটি টাকার মূলধন উধাও

২০২৬ নভেম্বর ২৫ ০৯:৪৭:৫৫
ভারতের শেয়ারবাজারে ৩ লাখ কোটি টাকার মূলধন উধাও

টানা চার সপ্তাহের উত্থানের পর বড় দরপতনের মুখে পড়েছে ভারতের শেয়ারবাজার। গত সোমবার (২৩ নভেম্বর) মুনাফা তুলে নিতে বিনিয়োগকারীদের ব্যাপক শেয়ার বিক্রির চাপে বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) প্রধান সূচক সেনসেক্স ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফটি বড় পতনের শিকার হয়েছে। এতে এক দিনেই তালিকাভুক্ত কোম্পানিগুলোর বাজার মূলধন থেকে ৩ লাখ কোটি টাকার বেশি কমে গেছে।

বাজারসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গত ২০ নভেম্বর লেনদেন শেষে বিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মোট বাজার মূলধন ছিল ৫ লাখ ১৪ হাজার ১৮ হাজার ২৭৫ কোটি টাকা। সোমবার দুপুর ১২টার দিকে তা কমে দাঁড়ায় ৫ লাখ ১১ হাজার ১২ কোটি টাকায়। অর্থাৎ কয়েক ঘণ্টার লেনদেনেই বাজার মূলধন কমেছে ৩ লাখ কোটি টাকার বেশি।

এদিন দুপুর দেড়টার দিকে সেনসেক্স ১ হাজার ৫১ পয়েন্ট কমে ৮২ হাজার ৮৬৮ পয়েন্টে নেমে আসে। একই সময়ে নিফটি ৫০ কমে ৩৪৬ পয়েন্ট বা ১ দশমিক ৩৪ শতাংশ কমে ২৫ হাজার ৪৫৩ পয়েন্টে অবস্থান করে। দিনের সর্বোচ্চ অবস্থান থেকে সেনসেক্স ১ হাজার ৬০০ পয়েন্টের বেশি নিচে নেমে যায়।

বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে টানা দরবৃদ্ধির কারণে শেয়ারগুলোর মূল্য বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা তৈরি হয়েছে। টানা চার সপ্তাহের উত্থানের পর অনেক বিনিয়োগকারী উচ্চমূল্যে শেয়ার বিক্রি করে মুনাফা নিশ্চিত করেছেন। এর ফলে বাজারে বিক্রির চাপ বেড়েছে।

এদিকে ব্যাংক ও আর্থিক খাতের শেয়ারে ব্যাপক দরপতন বাজারের নিম্নমুখী প্রবণতাকে আরও তীব্র করেছে। এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কানাড়া ব্যাংক ও ব্যাংক অব বরোদার শেয়ারে বড় দরপতন হয়েছে। এতে ব্যাংক নিফটি সূচকেও নেতিবাচক প্রভাব পড়ে। প্রধান দুই সূচকে ব্যাংক ও আর্থিক খাতের বড় প্রভাব থাকায় এ খাতের দরপতনের প্রভাব ছড়িয়ে পড়ে পুরো বাজারে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর আশঙ্কাও বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে। দেশটিতে সুদের হার বাড়লে মার্কিন সম্পদে বিনিয়োগের আকর্ষণ বাড়তে পারে। এতে ভারতসহ উদীয়মান বাজার থেকে বিদেশি বিনিয়োগকারীদের অর্থ প্রত্যাহারের ঝুঁকি তৈরি হতে পারে। এ আশঙ্কাও ভারতীয় শেয়ারবাজারে চাপ সৃষ্টি করেছে।

শেয়ারবাজারের পাশাপাশি ভারতীয় মুদ্রা রুপির দরেও দুর্বলতা দেখা গেছে। টানা পাঁচ দিন ডলারের বিপরীতে রুপির দর বাড়ার পর সোমবার সেই প্রবণতা থেমে যায়। দিনের শুরুতে প্রতি ডলারের বিপরীতে রুপির দর ৯২ দশমিক ৪৩ থেকে ৯২ দশমিক ৪৪ পর্যন্ত উঠেছিল, যা সাত মাসের মধ্যে সর্বোচ্চ। তবে পরে দর কমে ৯২ দশমিক ৮৪-তে নেমে আসে। একপর্যায়ে তা আরও দুর্বল হয়ে ৯২ দশমিক ৯৫-এ পৌঁছায়। শেয়ারবাজারের দুর্বলতা এবং ডলারের চাহিদা বৃদ্ধিকে রুপির দর কমার অন্যতম কারণ হিসেবে দেখছেন বাজারসংশ্লিষ্টরা।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে