ঢাকা, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

উৎপাদন বন্ধ মিথুন নিটিংয়ের অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধি

২০২৬ আগস্ট ২০ ১০:০৭:০৫
উৎপাদন বন্ধ মিথুন নিটিংয়ের অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধি

শেয়ারদর ও লেনদেনের পরিমাণে অস্বাভাবিক উত্থানের পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত মিথুন নিটিং অ্যান্ড ডায়িং (সিইপিজেড) লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক চিঠির জবাবে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

১৯ আগস্ট দেওয়া জবাবে কোম্পানিটি জানায়, সম্প্রতি তাদের শেয়ারের দাম ও লেনদেনের পরিমাণে যে অস্বাভাবিক পরিবর্তন দেখা গেছে, তা ব্যাখ্যা করার মতো কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল বা গুরুত্বপূর্ণ তথ্য তাদের কাছে নেই।

মিথুন নিটিং আরও জানিয়েছে, তাদের কারখানা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ফলে কোম্পানিটির ব্যবসায়িক ও পরিচালন কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।

চিঠিতে কোম্পানিটি জানায়, এর আগে বিদ্যমান উদ্যোক্তা ও পরিচালকরা তাঁদের শেয়ার সম্ভাব্য নতুন বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছিলেন। তবে ব্যাংকের দায় ও সংশ্লিষ্ট অন্যান্য জটিলতা সমাধান না হওয়ায় সেই শেয়ার হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি।

পরে শেয়ার হস্তান্তরের আবেদনটি স্থগিত রাখার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করে কোম্পানিটি। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর বিএসইসি এ-সংক্রান্ত আবেদনটি স্থগিত রাখার বিষয়ে চিঠি দেয়।

বর্তমানে উদ্যোক্তা বা পরিচালকদের শেয়ার হস্তান্তরের কোনো চলমান বা অনুমোদিত পরিকল্পনা নেই বলেও জানিয়েছে মিথুন নিটিং। একই সঙ্গে শেয়ারের অস্বাভাবিক দাম ও লেনদেন বৃদ্ধির কারণ হতে পারে—এমন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, করপোরেট কার্যক্রম বা অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্যও কোম্পানির নেই।

ডিএসইর চিঠির জবাবে কোম্পানিটি পুনরায় নিশ্চিত করেছে, সাম্প্রতিক অস্বাভাবিক শেয়ারদর ও লেনদেনের সঙ্গে সম্পর্কিত কোনো অপ্রকাশিত গুরুত্বপূর্ণ বা মূল্যসংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে