ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬

কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎকেন্দ্র করবে জিবিবি পাওয়ার

২০২৬ আগস্ট ২৪ ০৯:৫৯:৫৩
কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎকেন্দ্র করবে জিবিবি পাওয়ার

কুমিল্লা সেনানিবাসে ৫ মেগাওয়াটের বেশি ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন ও বিদ্যুৎ সরবরাহের চুক্তি করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান সোলারন পাওয়ার লিমিটেড।

কোম্পানি জানিয়েছে, কুমিল্লা ক্যান্টনমেন্টের স্টেশন হেডকোয়ার্টার, ৩৩ পদাতিক ডিভিশন, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সোলারন পাওয়ারের একটি পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট (পিপিএ) হয়েছে। চুক্তির আওতায় কুমিল্লা সেনানিবাসে ৫ দশমিক ০০৫ মেগাওয়াটপিক (ডিসি) ক্ষমতার গ্রাউন্ড-মাউন্টেড সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে।

ওপেক্স/বুট (বিল্ড, ওন, অপারেট অ্যান্ড ট্রান্সফার) ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। বাণিজ্যিক উৎপাদন শুরুর তারিখ (সিওডি) থেকে ২৫ বছর পর্যন্ত এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করা হবে।

বিনিয়োগ ৬ কোটি টাকা

জিবিবি পাওয়ার জানিয়েছে, ২৩ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় প্রকল্পটির জন্য বিনিয়োগ অনুমোদন করা হয়েছে। প্রকল্পে মোট আনুমানিক বিনিয়োগের পরিমাণ ৬ কোটি টাকার বেশি হবে না বলে প্রত্যাশা করা হচ্ছে।

সোলারন পাওয়ার লিমিটেড জিবিবি পাওয়ারের একটি সহযোগী প্রতিষ্ঠান। এতে জিবিবি পাওয়ারের মালিকানা রয়েছে ৭০ শতাংশ। বাকি ৩০ শতাংশ শেয়ার সৌরবিদ্যুৎ খাতে অভিজ্ঞ কৌশলগত অংশীদারদের হাতে রয়েছে।

কোম্পানি জানিয়েছে, প্রকল্পটির বাণিজ্যিক উৎপাদন শুরুর সম্ভাব্য সময় ২০২৭ সালের প্রথমার্ধ। প্রকল্পটি চালু হলে কুমিল্লা সেনানিবাসে দীর্ঘমেয়াদি নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ সরবরাহের সুযোগ তৈরি হবে।

জিবিবি পাওয়ারের জন্যও এটি নবায়নযোগ্য জ্বালানি খাতে ব্যবসা সম্প্রসারণের একটি নতুন উদ্যোগ। ২৫ বছরের বিদ্যুৎ ক্রয় চুক্তির মাধ্যমে প্রকল্পটি থেকে দীর্ঘমেয়াদি রাজস্ব আয়ের সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে