ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

শেয়ারবাজারে আসছে র‍্যানকন মোটরস

২০২৬ সেপ্টেম্বর ২৬ ২১:৫২:৪৩
শেয়ারবাজারে আসছে র‍্যানকন মোটরস

বাংলাদেশের শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রস্তুতি শুরু করেছে সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেলের অনুমোদিত প্রস্তুতকারক ও একমাত্র দেশীয় পরিবেশক র‍্যানকন মোটরস লিমিটেড। এ লক্ষ্যে করপোরেট ও শেয়ারবাজার–সংক্রান্ত পরামর্শের জন্য লায়ন সিটি অ্যাডভাইজরি লিমিটেড (এলসিএএল) এবং ইস্যু ব্যবস্থাপনার জন্য সিবিসি ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডকে নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি ঢাকার তেজগাঁওয়ের র‍্যাংগস বাবিলোনিয়ায় প্রতিষ্ঠান দুটির সঙ্গে চুক্তি সই করেছে র‍্যানকন মোটরস। চুক্তিতে র‍্যানকন মোটরসের ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী এবং লায়ন সিটি অ্যাডভাইজরির নির্বাহী পরিচালক এরশাদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।

চুক্তি অনুযায়ী, লায়ন সিটি অ্যাডভাইজরি র‍্যানকন মোটরসকে করপোরেট ও শেয়ারবাজার–সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ দেবে। আর সিবিসি ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট প্রস্তাবিত তালিকাভুক্তির ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, র‍্যানকন মোটরস সরাসরি তালিকাভুক্তির (ডাইরেক্ট লিস্টিং) মাধ্যমে শেয়ারবাজারে আসার জন্য আবেদন করতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।

তালিকাভুক্তি সম্পন্ন হলে র‍্যানকন মোটরস দেশের শেয়ারবাজারে এককভাবে দুই চাকার যানবাহন উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে নতুন সংযোজন হবে। বর্তমানে শেয়ারবাজারে তালিকাভুক্ত মোটরসাইকেল খাতের কোম্পানি হিসেবে রয়েছে রানার অটোমোবাইলস। তবে ওই কোম্পানির ব্যবসায় মোটরসাইকেলের পাশাপাশি তিন চাকার যানবাহনও রয়েছে।

র‍্যানকন মোটরস মূলত বাংলাদেশে সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেল উৎপাদন ও বিপণন করে। লায়ন সিটি অ্যাডভাইজরির তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত দেশের মোটরসাইকেল বাজারে সুজুকির বাজার হিস্যা ছিল প্রায় ২০ শতাংশ।

ওই সময়ে দেশে মোট ৪০ হাজার ৫১৪টি মোটরসাইকেল বিক্রি হয়েছে। এর মধ্যে সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেল বিক্রি হয়েছে ৮ হাজার ২১৫টি।

শেয়ারবাজারে তালিকাভুক্তির উদ্যোগের মাধ্যমে র‍্যানকন মোটরস দেশের শেয়ারবাজারে নিজেদের ব্যবসা ও আর্থিক কার্যক্রমকে আরও বিস্তৃতভাবে যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে। তবে তালিকাভুক্তির ধরন, শেয়ারসংখ্যা, মূল্যায়ন এবং বাজার থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

চুক্তি সই অনুষ্ঠানে র‍্যানকন মোটরসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আহসান হাকিম, ফারহানা করিম, ইমরান জামান খান ও আবু জাফর সিদ্দিকী উপস্থিত ছিলেন। লায়ন সিটি অ্যাডভাইজরির পক্ষে আবদুল্লাহ আল ফয়সালসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা এবং সিবিসি ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্টের পক্ষে রাবিউল হোসেন উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে