ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

৮৪ হাজারের ঘরে সেনসেক্স

২০২৬ নভেম্বর ২৬ ০৮:১৫:৫৫
৮৪ হাজারের ঘরে সেনসেক্স

বিদেশি বিনিয়োগকারীদের ব্যাপক শেয়ার কেনা এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমার প্রভাবে চাঙ্গা হয়ে উঠেছে ভারতের শেয়ারবাজার। সোমবারের বড় দরপতনের ধাক্কা কাটিয়ে বুধবার লেনদেনের শুরুতেই বড় উত্থান হয়েছে দেশটির প্রধান দুই সূচক সেনসেক্স ও নিফটিতে।

বুধবার (২৫ নভেম্বর) লেনদেনের শুরুতে বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) প্রধান সূচক সেনসেক্স ১ হাজার ৪১৫ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ৮৩ হাজার ৮৫১ দশমিক ১৮ পয়েন্টে ওঠে। একই সময়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) প্রধান সূচক নিফটি ৫০ বেড়েছে ৫৫৩ দশমিক ৩০ পয়েন্ট। এতে সূচকটি দাঁড়ায় ২৫ হাজার ৯০২ দশমিক ৯৫ পয়েন্টে। পরে সকাল সাড়ে ১০টার দিকে সেনসেক্স ৮৪ হাজার পয়েন্টের ঘর অতিক্রম করে। এ সময় সূচকটির উত্থান ছিল প্রায় ১ হাজার ৭০০ পয়েন্ট।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) লেনদেন শেষে সেনসেক্স প্রায় ১ হাজার ৫০০ পয়েন্ট কমেছিল। মঙ্গলবার বাজার বন্ধ থাকায় ওই দিন লেনদেন হয়নি। বুধবার বাজার খুলতেই সূচক দুটিতে বড় উত্থান দেখা যায়।

বাজার বিশ্লেষকদের মতে, বিদেশি বিনিয়োগকারীদের ধারাবাহিক শেয়ার কেনা এবং অপরিশোধিত তেলের দাম কমে আসা ভারতের শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক লেনদেন ঘিরে বিশ্ববাজারে তৈরি হওয়া অস্থিরতা কিছুটা কমে আসায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

বুধবারের লেনদেনে ব্যাংক, আর্থিক সেবা ও তথ্যপ্রযুক্তি খাতের শেয়ারে বেশি দরবৃদ্ধি দেখা গেছে। নিফটি ৫০ সূচকে শীর্ষ দরবৃদ্ধির তালিকায় ছিল এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক ও ইনফোসিস। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংক, দ্রুত বিক্রয়যোগ্য ভোগ্যপণ্য এবং আবাসন খাতের শেয়ারেও ইতিবাচক প্রবণতা ছিল।

তবে সব খাতে দরবৃদ্ধি দেখা যায়নি। নিফটি মিডিয়া ও ধাতু খাতের সূচকে দুর্বলতা ছিল। অন্যদিকে গাড়ি খাতের শেয়ারে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। বৃহত্তর বাজারে নিফটি মিডক্যাপ সূচক ০.৯২ শতাংশ এবং স্মলক্যাপ সূচক ০.৬ শতাংশ বেড়েছে।

এদিকে নভেম্বরের শুরু থেকে ২৩ তারিখ পর্যন্ত সেনসেক্স বেড়েছে ৭ হাজার ৯৭৬ দশমিক ৪৭ পয়েন্ট। এ সময়ে বিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মোট বাজারমূল্য বেড়ে ৫ লাখ ৮ কোটি ৯৮ হাজার ৪৪৪ কোটি টাকায় পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও বড় পরিবর্তন দেখা গেছে। চলতি মাসের প্রথম ২৩ দিনে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ভারতের শেয়ারবাজারে ১ লাখ ২৭ হাজার কোটি টাকার শেয়ার কিনেছেন। কোনো এক মাসের হিসাবে এটিকে সর্বোচ্চ শেয়ার কেনার পরিমাণ বলে উল্লেখ করা হয়েছে।

সব মিলিয়ে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার কেনা, তেলের দামে স্বস্তি এবং কয়েকটি বড় খাতের শেয়ারে দরবৃদ্ধির কারণে বুধবার ভারতের শেয়ারবাজারে শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে