ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

সিটি ইন্স্যুরেন্সের শেয়ারে অস্বাভাবিক উত্থান, তদন্তের নির্দেশ

২০২৬ অক্টোবর ০৬ ০৮:২৩:৩০
সিটি ইন্স্যুরেন্সের শেয়ারে অস্বাভাবিক উত্থান, তদন্তের নির্দেশ

তালিকাভুক্ত সিটি ইন্স্যুরেন্স পিএলসির শেয়ারদর ও লেনদেনে অস্বাভাবিক পরিবর্তন নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ ছাড়াই কোম্পানিটির শেয়ারদর ও লেনদেনে বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। চলতি বছরের ৬ জানুয়ারি সিটি ইন্স্যুরেন্সের শেয়ারদর ছিল ৮৩ টাকা ৭০ পয়সা। ৫ অক্টোবর তা বেড়ে দাঁড়ায় ১৩২ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ নয় মাসে শেয়ারপ্রতি দর বেড়েছে ৪৯ টাকা বা ৫৮ দশমিক ৫৪ শতাংশ।

এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে কোনো কারসাজি বা অন্য কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে বিএসইসি। কমিশনের মুখপাত্রের ভাষ্য, শেয়ারদর ও লেনদেনের এই পরিবর্তন স্বাভাবিক মনে হয়নি। তদন্তে কোনো অসংগতি পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিএসইসির নির্দেশনায় চলতি বছরের ১ জানুয়ারি থেকে তদন্তের আদেশ জারির দিন পর্যন্ত সিটি ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন পর্যালোচনা করতে বলা হয়েছে।

তদন্তে বিনিয়োগকারীদের মধ্যে সমন্বিতভাবে কারসাজিমূলক লেনদেন হয়েছে কি না, অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ব্যবহার করে ভেতরের তথ্যের ভিত্তিতে লেনদেন হয়েছে কি না—এসব বিষয় খতিয়ে দেখা হবে।

এ ছাড়া সংশ্লিষ্ট স্টক ব্রোকার, ডিলার ও অনুমোদিত প্রতিনিধিরা মার্জিনসংক্রান্ত নিয়ম ও বিএসইসির নির্দেশনা মেনেছেন কি না, সন্দেহজনক লেনদেন ঠেকাতে মধ্যস্থতাকারীদের কোনো ব্যর্থতা বা দায় রয়েছে কি না এবং পুঁজিবাজারের আইন অন্য কোনোভাবে লঙ্ঘন হয়েছে কি না, তাও তদন্ত করা হবে।

সংশ্লিষ্ট ব্রোকারেজ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা, অনুবর্তিতা কর্মকর্তা ও অনুমোদিত প্রতিনিধিদের সচেতনতা বাড়ানোর নির্দেশও দিয়েছে কমিশন।

বিএসইসির মতে, এ ধরনের লেনদেন ২০০০ সালের স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি বিধিমালার আচরণবিধি ৬ ও ৮ এবং বিধি ১১-এর সম্ভাব্য লঙ্ঘনের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে