ঢাকা, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

পাঁচ বছরে শেয়ারহোল্ডারদের ২ হাজার ৮৫৫ কোটি টাকা লভ্যাংশ দিয়েছে রবি

২০২৬ আগস্ট ০৬ ০৯:০২:০৮
পাঁচ বছরে শেয়ারহোল্ডারদের ২ হাজার ৮৫৫ কোটি টাকা লভ্যাংশ দিয়েছে রবি

শেয়ারবাজারে তালিকাভুক্তির পাঁচ বছর পূর্তি উপলক্ষে নিজেদের ব্যবসায়িক অগ্রগতি, বিনিয়োগ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছে দেশের অন্যতম টেলিযোগাযোগ অপারেটর রবি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকে শেয়ারহোল্ডারদের মধ্যে মোট ২ হাজার ৮৫৫ কোটি টাকা লভ্যাংশ বিতরণ করেছে।

মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা বলেন, প্রতিকূল ব্যবসায়িক পরিবেশের মধ্যেও শক্তিশালী করপোরেট সুশাসন, ধারাবাহিক বিনিয়োগ এবং গ্রাহককেন্দ্রিক সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি টেকসই প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে।

রবির তথ্য অনুযায়ী, তালিকাভুক্তির পর থেকে তাদের নেটওয়ার্কে ৭৬ লাখ ৭০ হাজার নতুন গ্রাহক যুক্ত হয়েছেন। একই সময়ে ১ কোটি ১০ লাখ নতুন ইন্টারনেট ব্যবহারকারী এবং ২ কোটি ৫৫ লাখ নতুন ফোরজি গ্রাহক যুক্ত হয়েছে। ২০২০ সালের শেষ থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত দেশের টেলিযোগাযোগ খাতে সর্বোচ্চসংখ্যক সক্রিয় গ্রাহক যুক্ত করার দাবি করেছে প্রতিষ্ঠানটি।

আর্থিক সূচকেও ধারাবাহিক উন্নতির কথা তুলে ধরে রবি জানায়, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতি বছরই প্রতিষ্ঠানটির রাজস্ব ও কর-পরবর্তী মুনাফা বেড়েছে। এ সময়ে মোট কর-পরবর্তী মুনাফা হয়েছে ২ হাজার ৮১৯ কোটির বেশি।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক শেষে রবির সক্রিয় গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৮৬ লাখ। এর মধ্যে প্রায় ৭৯ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী এবং ৭২ শতাংশ ফোরজি গ্রাহক।

নেটওয়ার্ক সম্প্রসারণের বিষয়ে রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার মো. সাহেদ আলম বলেন, ২০২১ সাল থেকে ২০২৬ সালের প্রথমার্ধ পর্যন্ত স্পেকট্রামের মূল্য বাদ দিয়ে নেটওয়ার্ক অবকাঠামোয় ৯ হাজার ৩৩১ কোটি টাকার বেশি বিনিয়োগ করা হয়েছে। এ সময়ে ফোরজি সাইটের সংখ্যা ১৩ হাজার ১৭৩টি থেকে বেড়ে ১৯ হাজার ৬৪৬টিতে উন্নীত হয়েছে। পাশাপাশি স্পেকট্রাম ধারণক্ষমতা ৩ দশমিক ৪ গুণ বেড়ে ১২৪ মেগাহার্টজে পৌঁছেছে।

সংবাদ সম্মেলনে রবির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) রুহুল আমিন এবং প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) শিহাব আহমাদও উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে